১৭ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
যুদ্ধের জন্য ইসরাইলকে সবুজ সংকেত দিয়েছিলেন হিলারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর একতরফা হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে সবুজ সংকেত দিয়েছিলেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

 

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর একতরফা হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে সবুজ সংকেত দিয়েছিলেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

আমেরিকার বিখ্যাত টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে খবর দিয়েছে। আর এ তথ্য প্রকাশ করেছেন আমেরিকারই দুই সাবেক কর্মকর্তা। তারা জানান, ২০১০ সালে ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলার জন্য উঠেপড়ে লেগেছিল এবং সে সময় হোয়াউট হাউজে একটি বৈঠক হয়। সে সময় আমেরিকা ইরানের বিরুদ্ধে ইসরাইলের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন থাকলেও বৈঠকে হিলারি হামলার জন্য ইসরাইলকে সবুজ সংকেত দিয়েছিলেন।

ওই সময় ইসরাইলকে হামলা থেকে বিরত থাকার কথা না বলে বরং হিলারি ক্লিনটন তেল আবিবকে জানিয়েছিলেন যে, এ ধরনের হামলার ঘটনায় ইসরাইলের সমস্যাকে আমেরিকা নিজের সমস্যা বলে গণ্য করবে।

দুই কর্মকর্তার মধ্যে একজন জানান, হিলারি ক্লিনটন ঠিক হামলার বিষয়টি অনুমোদন করেননি; শুধুমাত্র বলেছিলেন, ইরানের ওপর হামলা একটা অপশন হতে পারে। অবশ্য, ওবামা প্রশাসনের পক্ষ থেকে হিলারির এ বক্তব্য তেমন কোনো সমর্থন পায়নি বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।

এদিকে, মার্কিন সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস তার নতুন বইয়ে বলেছেন, সে সময় কর্মকর্তারা ওবামা প্রশাসনকে ইরানের সম্ভাব্য ভয়াবহ পাল্টা হামলার বিষয়ে সতর্ক করেছিলেন।